কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কাউসার হোসেন (২৭) নামে এক তরুণ নিহতের ঘটনায় পুলিশের কাছে তথ্য আছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলেই আসামি গ্রেফতার করা হবে।
কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম মিয়া এসব তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে ওসি আবদুস ছালাম মিয়া জানান, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা কাউসার হোসেন (২৭) নামের ওই তরুণকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ময়নাতদন্ত করার জন্য পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সোমবার বিকাল পর্যন্ত নিহতের ঘটনায় থানায় কোনও অভিযোগ হয়নি। তবে কে বা কারা যুবকটিকে ছুরিকাঘাত হত্যা করেছে, সে ব্যাপারে আমরা তথ্য পেয়েছি। থানায় অভিযোগ হলেই তাদের গ্রেফতার করা হবে।
এর আগে, রবিবার (২ এপ্রিল) ভোরে নগরীর শাসনগাছা এলাকার চম্পকনগরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কাউসার জেলার মুরাদনগর উপজেলার আব্দুল খালেকের ছেলে।








