খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এসএম মুশফিকুর রহমান। পাশাপাশি কেসিসির ১১টি সাধারণ ওয়ার্ড ও একটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করেছে জাপা।
জাপা’র প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য সুনীল শুভ রায় বুধবার (১১ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সুনীল শুভ রায় বলেন, ‘এসএম মুশফিকুর রহমান লাঙল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান সিরাজ, ২ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম আজাদ, ৩ নম্বর ওয়ার্ডে আশরাফুল ইসলাম সেলিম, ৪ নম্বর ওয়ার্ডে আবু আসালাত মোড়ল, ৭ নম্বর ওয়ার্ডে শেখ আইয়ুব আলী, ৯ নম্বর ওয়ার্ডে শেখ মনোয়ার হোসেন, ১০ নম্বর ওয়ার্ডে শাকিল আহমেদ, ১২ নম্বর ওয়ার্ডে মো. শাহাবুদ্দিন, ২১ নম্বর ওয়ার্ডে মনিরুল ইসলাম মনির, ২২ নম্বর ওয়ার্ডে কাজী হাসানুর রশীদ এবং ২৭ নম্বর ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম মোল্লা ও সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে (১৯, ২০, ২৪, ২৬ নম্বর ওয়ার্ড) শাহনাজ পারভীনের নাম চূড়ান্ত করা হয়েছে।
মনোনয়ন প্রত্যাশী মহানগর জাপার যুগ্ম আহবায়ক মোল্যা শওকত হোসেন বাবুল বলেন, ‘দলীয় প্রার্থী মুশফিকুর রহমান চূড়ান্ত হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে কাজ করার কোনও সুযোগ নেই।’
জাপার সাবেক মেয়র প্রার্থী ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু জানান, জাপার বিভাগীয় সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় মেয়র প্রার্থীর ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন।
জাপার মেয়র প্রার্থী এসএম মুশফিকুর রহমান জানান, তিনি মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন। বৃহস্পতিবার তিনি খুলনায় আসবেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কেসিসি নির্বাচন নিয়ে নানা পরিকল্পনা করবেন।








