খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আলমনগর বাজারে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনি গণসংযোগ চলাকালে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের ৭ জন ও আওয়ামী লীগের একজন আহত হন। পরে পুলিশ উপস্থিতিতে পরিস্থিতি স্বাভঅবিক হয়। এ ঘটনার পর আওয়ামী লীগ কর্মীকে মারধর ও নৌকা প্রতীক ভাঙচুরের অভিযোগে খালিশপুর থানায় বিএনপির ১১ জনের নামে একটি মামলা হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, ‘আলমনগরে আওয়ামী লীগ ও বিএনপির মিছিল চলাকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।’ তিনি জানান, রাতে এ ঘটনার সময় নৌকা প্রতীক ভাঙচুর ও আওয়ামী লীগের এক কর্মীকে মারধরের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ১৫নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ শেষ করে ১৩নং ওয়ার্ডে আলমনগরের রেললাইন বস্তিতে মঞ্জুর পক্ষে লিফলেট বিতরণ চলছিল। এ সময় মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জুও উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে আওয়ামী লীগ ও যুবলীগ একটি মিছিল বের করে। মিছিল থেকে তারা বিএনপির কর্মীদের উদ্দেশ্যে অকথ্য ভাষা ব্যবহার করে নেতাকর্মীদের উত্তেজিত করার চেষ্টা করে। কিন্তু মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নেতা কর্মীদের নিয়ে রেললাইন বস্তির বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই গণসংযোগের পেছন দিক থেকে ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ছাত্রদল কর্মী আলামিন তালুকদার প্রিন্স, যুবদল কর্মী আব্দুস সামাদসহ ৭ জন আহত হন। পরে পুলিশের উপস্থিতিতে পরিবেশ শান্ত হয়।
আওয়ামী লীগের কর্মী মো. আব্দুল হান্নান বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে খালিশপুর আলমনগর বাজার এলাকায় প্রবেশ করেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তার প্রচার মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার (হান্নান) ওপর অতর্কিত হামলা চালায়। তাদের লাঠির আঘাতে তার একটি হাত ভেঙে যায়। এরপর বিএনপির নেতাকর্মীরা পাশে আওয়ামী লীগের প্রচারণার জন্য নির্মিত একটি কাঠের নৌকা প্রতীক ভাংচুর করে। স্থানীয় লোকজন তাকে (হান্নান) উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে রাতে তিনি বাদী হয়ে বিএনপির স্থানীয় ১১ জনের নাম উল্লেখ করে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
আওয়ামী লীগের স্থানীয় কর্মী গোলাম রব্বানী ও মুন্সী নাজমুল আলম জানান, ঘটনার সময় বিএনপির প্রচার মিছিলের কয়েকজন হঠাৎ করেই রাস্তায় টানানো নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলে। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।








