খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। রাতে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে সেগুলোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
নগরজুড়ে বেড়েছে নিরাপত্তাবেষ্টনী। রাতের শহরে বিজিবির জোরদার টহল দেখা গেছে। বিজিবির ৩-৪টি গাড়ি একত্রে সারি বেঁধে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন কেন্দ্র এলাকায়ও টহল জোরদার করা হয়েছে। রয়েছে র্যাবেরও টহল।
রাতে কেন্দ্রে কেন্দ্রে দেখা গেছে প্রস্তুতির নানা আয়োজন। কেন্দ্রের ভেতরে কক্ষগুলোকে পরিপাটি করা ও গোপন কক্ষগুলো স্থাপন ও তদারকি করার কাজ চলেছে।
কেন্দ্রের সামনের অংশে বিভিন্ন প্রার্থীর কর্মীদের পোস্টার ঝোলানোর কাজে ব্যস্ত দেখা গেছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে কেন্দ্রগুলোর চারপাশ।
মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের পল্লিমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় এবং খুলনা কলেজ কেন্দ্রে সাজসাজ অবস্থা দেখা গেছে। প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে সন্ধ্যার আগেই কেন্দ্রে পৌঁছে যায় নির্বাচন সামগ্রী। পৌঁছান নিরাপত্তা কর্মীরা। কেন্দ্রের ভেতরে পুলিশের কঠোর অবস্থানও দেখা গেছে।
খুলনা কলেজ কেন্দ্রে এসআই শফি এবং এসআই সুমন জানান, কেন্দ্র এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিজিবিও আনা হতে পারে। ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।






