আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে নীলফামারীতে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল পাবেন ৩ লাখ ৯৮ হাজার ৬৪৯ পরিবার। ঈদের আগেই জেলার ৬ উপজেলায় প্রতি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। এতে মোট ৩ হাজার ৯৮৬ দশমিক ৪৯ মেট্রিক টন চাল বিতরণ করতে হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন দফতর জানায়, বছরের ঈদ উৎসব ও পূজা অথবা প্রাকৃতিক দুর্যোগে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় এই ভিজিএফের চাল বিতরণ করা হয়। ঈদ উপলক্ষে এই চালের বরাদ্দ দফতরে এসে পৌঁছেছে।
সূত্র জানায়, জেলার ৬ উপজেলায় ৩ লাখ ৯৮ হাজার ৬৪৯টি পরিবার ওই চাল পাবে। এর মধ্যে- ডিমলা উপজেলায় ৬৬ হাজার ২১৩ পরিবার, জলঢাকায় ৭৬ হাজার ৮৬৮, ডোমারে ৫২ হাজার ৯২২, নীলফামারী সদরে ৮৯ হাজার ৩৭৪, সৈয়দপুরে ৪৩ হাজার ৬৮৩, কিশোরগঞ্জে ৫৫ হাজার ৭২৬ পরিবার এই চাল পাচ্ছে।
এছাড়াও নীলফামারী পৌরসভায় ৪ হাজার ৬২১, সৈয়দপুর পৌর সভায় ৪ হাজার ৬২১, জলঢাকা পৌরসভায় ৩ হাজার ৮১ ও ডোমার পৌরসভায় ১ হাজার ৫৪০ পরিবার ১০ কেজি করে চাল পাবেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদের আগেই এসব চাল বিতরণ করা হবে, যাতে করে গরীব ও দুস্থ মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। এটি সরকারের একটি মহৎ উদ্যোগ।








