দুই বন্ধুর ঈদ আনন্দ চিরদিনের জন্য স্তব্ধ করে দিল ঘাতক বাস। শনিবার ঈদের দিন ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু। বিকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোঁকা এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের কেল্লাই এলাকার রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২১) এবং একই এলাকার মহিদুর রহমানের ছেলে আব্দুল মোমিন (২২)।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা এ দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে মোটরসাইকেলে করে দুই বন্ধু মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পল্লীসেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে যায়। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।








