নীলফামারীর জলঢাকার কাঁঠালী ইউনিয়নে বজ্রাঘাতে রঙ্গেরবাজার উচ্চ বিদ্যালয়ের ৯ শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন। রবিবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেবার্শীষ রায় এ তথ্য নিশ্চিত করেন।
আহতরা হলেন– ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুবানা (১১), রহিদা (১২), আলিফা (১১), রাবেয়া (১১), খাতিজা (১২) ও নাসরিন (১১), সপ্তম শ্রেণির লিমা (১৩), রোমান ইসলাম (১৩) ও সীমা (১৩) এবং বিদ্যালয় কর্মচারী লুৎফর রহমান (৪০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রঙ্গেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, সকাল ১০টা থেকে বিদ্যালয়ে অর্ধ-বার্ষিকী পরীক্ষা শুরু হয়। এসময় বজ্রপাত হলে এর আঘাতে ৯ শিক্ষার্থী ও এক কর্মচারী আহত হন। আহতদের তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেবার্শীষ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত।








