কক্সবাজারের হিমছড়িতে র্যাবের সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেট কার, দুটি পিস্তল ও বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও র্যাব দাবি করেছে।
নিহতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পরনিয়াবাড়ী এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে এনামুল হক (৩৩)। অপরজনের পরিচয় জানা সম্ভব হয়নি। ভোটার আইডি কার্ড অনুযায়ী এনামুলের পরিচয় শনাক্ত করেন পুলিশ।
র্যাব-৭ কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রাতে কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের হিমছড়িতে একটি ভ্রাম্যমাণ তল্লাশি চেকপোস্ট বসানো হয়। এ সময় কক্সবাজারমুখী একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলেও সেটি চেকপোস্ট ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ঘটনাস্থলে উপস্থিত র্যাব ও বিজিবি সদস্যরা তাদের পিছু নেন। এ সময় প্রাইভেট কার থেকে র্যাব ও বিজিবিকে লক্ষ্য করে গুলি করা হয়। র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় প্রাইভেট কারটি খাদে পড়ে যায়। এরপর ওই প্রাইভেট কার থেকে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ।
রামু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। র্যাব ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও বে শকিছু ইয়াবা জব্দ করা হয়। ইয়াবার পরিমাণ জানা সম্ভব হয়নি।’
জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, ‘রাতে র্যাব ও বিজিবির সঙ্গে গোলাগুলিতে নিহত একজনের পরিচয় ভোটার আইডি কার্ডের মাধ্যমে শনাক্ত করা গেছে। অপরজনের পরিচয় জানা যায়নি এখনও। পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে। বিভিন্ন আলামত সংগ্রহ করছে। ধারণা করা হচ্ছে, নিহত দুজনই মাদক ব্যবসায়ী। খুব দ্রুত সময়ের মধ্যে বিস্তারিত জানা সম্ভব হবে।’








