পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘অল্প সময়ের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। অর্থনৈতিকভাবে মানুষের মুক্তি এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল স্বপ্ন দেখেন না, তা পূরণও করেন। এখন মানুষ তা বিশ্বাস করতে শুরু করেছে।’
বুধবার (২৫ জুলাই) বিএমডিএ’র কনফারেন্স রুমে বিএমডিএ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বাংলাদেশের ইতিহাস ব্যতিক্রম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। তার স্বপ্ন ছিল, বাংলাদেশের জনগণকে অর্থনৈতিকভাবে মুক্ত করবেন। কিন্তু হায়েনারা তাকে বাঁচতে দেয়নি।’
তিনি আরও বলেন, ‘রাজশাহীর বরেন্দ্র অঞ্চল বর্তমানে পরিবেশবান্ধব হয়ে উঠেছে। বর্তমান সরকারের পরিকল্পনায় বৃক্ষরোপণের মাধ্যমে এটা সম্ভব হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘রাজশাহী অঞ্চলের আম ব্যাগিং এবং নন-ব্যাগিং পদ্ধতিতে বিদেশে রফতানির পরিকল্পনাও সরকারের রয়েছে। এ অঞ্চলে আলট্রা হাই-ডেনসিটি আমের চারা রোপণের মাধ্যমে আমের উৎপাদন বাড়ানো হবে।’
তিনি বলেন, ‘পরিবেশ রক্ষায় সরকারের যা যা করা দরকার তা করবে। ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার স্কুল-কলেজ ও রাস্তার দুই ধারে বৃক্ষরোপণের কর্মসূচি সরকার হাতে নিয়েছে।’
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনের পরিচালক সেলিমুল হক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালক ড. আসাদুজ্জামান, বিএমডিএ’র এক্সিকিউটিভ প্রকৌশলী মো. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবির, প্রকৌশলী মো. আব্দুল লতিফসহ বন ও পরিবেশ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







