মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বড় বড় হাসপাতালে ১৫ লাখ টাকা এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১ লাখ টাকা করে অগ্রিম দেওয়ার কথা ভাবছে সরকার। মুক্তিযোদ্ধাদের শতভাগ চিকিৎসার খরচ বহন করতে সরকার টাকাগুলো হাসপাতালে অগ্রিম দিয়ে রাখবেন। আগামী ১৫ আগস্ট এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।’
মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলে সেই জামায়াত-শিবিরের নিবন্ধন বাতিল করা হবে। জামায়াত-শিবিরের সন্তানরা যাতে কোনও ধরণের সরকারি চাকরি না পায় সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হলেও যারা বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছিল তাদের বিচার এখনও করা হয়নি। খুনি মোস্তাক ও জিয়ার মতো বড় খুনিদের বিচার করা হয়নি। তাদের বিচার না করা হলে বঙ্গবন্ধুর আত্মা অনেক কষ্ট পাবে।’
তিনি আরও বলেন, ‘দেশে কয়েকদিন আগে কোমলমতি শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে তা যুক্তিসঙ্গত। তবে আন্দোলনের সময় যে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।’
টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মইনুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, ফজলুল হক বীরপ্রতিক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিছুর রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল প্রমুখ।








