চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে ডুবে যাওয়ার ২৩ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয় তামিমের (৬) মরদেহ।
তামিম দামুড়হুদার পুরাতন বাস্তপুর গ্রামের ভ্যানচালক মকলেছের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে এক নিকটাত্মীয়ের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে তামিম নদীতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতিতে খুলনা ওয়ারহাউজ ইন্সপেক্টর নাজমুছ সাদাত এর নেতৃত্বে ৪ সদস্যর ডুবুরিদল রাত ৯টা থেকে ১টা পর্যন্ত নদীতে চেষ্টা চালান। কিন্তু তার কোনও খোঁজ না মেলায় পরদিন বৃহস্পতিবার ফের সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডুবুরিসহ স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেন। দুপুর ১২টার দিকে তামিমের লাশ ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।







