বগুড়া-নাটোর মহাসড়কে ফিটনেসবিহীন ৮৩৫ যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের কুন্দাহাট ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে শুক্রবার (৩১ আগস্ট) দুপুর পর্যন্ত গত এক সপ্তাহে ৮৩৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- বাস, ট্রাক, পিকআপ, সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইকসহ অন্যান্য যানবাহন। এসময় ১০০টি বিভিন্ন ধরনের যানবাহন জব্দ করা হয়।’
হাইওয়ে পুলিশ সদস্যরা জানান, মহাসড়কে দুর্ঘটনা বন্ধে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। পথচারী ও যানবাহন চালকদের সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মোটরবাইক চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীর থাকছে না। এক্ষেত্রে আরোহীর জন্য হেলমেট রাখতে সতর্ক করার পাশাপাশি মামলা দিচ্ছে পুলিশ।
তবে ওই মহাসড়কে চলাচলকারী শাকপালার ব্যবসায়ী আবদুর রহিম, রানীরহাটের শিক্ষক ওবায়দুর রহমান ও ফুলদীঘির ব্যাংকার রফিকুল ইসলাম জানান- তারা স্বল্প সময় ও খরচে সিএনজি অটো রিকশায় কর্মস্থলসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। এখন মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করে দেওয়ায় তাদের বেশিরভাগ ক্ষেত্রে হেঁটে চলাচল করতে হচ্ছে। আবার থ্রি-হুইলার পেলেও অনেক বেশি ভাড়া আদায় করছে।
থ্রি-হুইলার চালক হুমায়ুন ও অন্যরা জানান, এখন তাদের মহাসড়কের পরিবর্তে বিভিন্ন এলাকার ফিডার সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। তাই তারা একটু বেশি ভাড়া নিচ্ছেন।







