যশোর শহরের বড়বাজার হাটচান্নিতে শনিবার (১ সেপ্টেম্বর) রাতে এক অগ্নিকাণ্ডে চারটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোর স্টেশনের সহকারী পরিচালক পরিমল কুণ্ডু জানান, রাত পৌনে দশটার দিকে বড়বাজার হাটচান্নির মা এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগে। এরপর সেখান থেকে পাশের আরও তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি গাড়ি সেখানে পৌঁছে এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে দুটি কসমেটিকসের দোকান, একটি জামাকাপড়ের দোকান ও একটি কাঁচামালের আড়তের মালামাল পুড়ে গেছে।
আর্থিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি দমকল বাহিনীর এই কর্মকর্তা।
যশোর কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।







