রাজশাহীতে বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ প্রদানের ফরম বিতরণ শুরু হয়েছে। এছাড়া আবাসিক গৃহে গ্যাস সংযোগ নিতে যে ২১ হাজার জন আবেদন করেছেন শিগগিরই তাদের সংযোগ প্রদান কাজ শুরু হবে বলেও জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দেশসেরা গ্রাহক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান, বাণিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের কার্যক্রমের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড রাজশাহী আঞ্চলিক কার্যালয়। সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় খড়খড়ি টিবিএস ক্যাম্পাসে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘২০০৫-২০০৬ সালে আমরা রাজশাহীতে গ্যাস সংযোগ পেতাম। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন দলের একজন রাজপুত্রের কারণে তখন রাজশাহীকে বাদ দিয়ে বগুড়ায় গ্যাস সংযোগ দেওয়া হয়। এটি আমাদের জন্যে অনেক কষ্টের বিষয় ছিল। তবে পরবর্তীতে প্রধানমন্ত্রীর কাছে দাবি করে রাজশাহীতে গ্যাস সংযোগ নিয়ে আসি। ২০১৩ সালের জুন মাসে প্রথম আমরা আবাসিকে গ্যাস সংযোগ পাই।’
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, ‘রাজশাহীতে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাস সংযোগ বেশি দরকার। আজ বাণিজ্যিক খাতের জন্য গ্যাস সংযোগের ফরম বিতরণ করলাম। এই সংযোগ প্রদান কাজ অব্যাহত থাকবে। আর আবাসিক গৃহে রাজশাহীতে এখন পর্যন্ত ৯ হাজার ৩৬৪ জনকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। যে ২১ হাজার জন আবাসিক গৃহে গ্যাস সংযোগ নিতে আবেদন করেছেন, তাদেরও সংযোগ দেওয়ার ব্যবস্থা শিগগিরই শুরু হবে।’
এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক কল্যাণে কাজ করছেন। প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় রাজশাহীতে ব্যাপক উন্নয়ন হবে। আগামী ১০ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর দ্রুত শিল্পায়ন করা হবে, রাজশাহীতে গার্মেন্টস হবে। আমি নির্বাচনের সময় যে কথাগুলো দিয়েছি, সেগুলো একে একে বাস্তবায়িত হবে।’
প্রসঙ্গত, রাজশাহীতে বাণিজ্যিক খাতে ২৮১ জনকে গ্যাস সংযোগ প্রদানের অনুমতি দেয়া হয়েছে। সোমবার ১৫ জন ব্যবসায়ীকে বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ প্রদানের ফরম বিতরণ করেন রাজশাহীর মেয়র ।
এর আগে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দেশসেরা গ্রাহক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড। এ সময় মেয়রকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করে প্রতিষ্ঠানটি। পরে বৃক্ষরোপণ করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন– রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান পাটোয়ারী, স্থানীয় পারিলা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ভুলু প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ জুলাই অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। গত ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করান। আগামী ১০ অক্টোবর অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।








