লালমনিরহাটের বাউরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রহিদুল ইসলাম (৩৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া বিএসএফ সদস্যরা বাউরা এলাকার বাংলাদেশিদের গরু ধরে নিয়ে গেছে বলে জানা গেছে ।
বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৮০২ নম্বর মেইন পিলারের ওপারে ভারতীয় অংশে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছে।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান।
রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়ন ও এলাকাবাসী জানায়, বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার মোহর আলীর ছেলে রহিদুল ইসলামসহ ৪-৫ ব্যক্তি ডাঙাটারী সীমান্ত অতিক্রম করে ভারতীয় চোরাকারবারীদের সহযোগিতায় চা পাতা ও জিরা নিয়ে আসার সময় কুচবিহার-১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলি বাড়ি ক্যাম্পের একটি টহল দল তাদের বাধা দেয়। একপর্যায়ে চোরাকারবারীরা বিএসএফের ওপর চড়াও হলে বিএসএফ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে রহিদুল ইসলাম নামের এক বাংলাদেশি আহতাবস্থায় পালিয়ে আসে। এ ঘটনায় ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে বাংলাদেশি ১২টি গরু ধরে নিয়ে গেছে।
রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ রাতেই গরুগুলো ফেরত দেবে বলে জানিয়েছে। এই ঘটনায় বিএসএফ দুঃখপ্রকাশ করেছে।’








