আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সোমবার নারায়ণগঞ্জে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র্যালি শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ শ্রদ্ধায়’ এই শ্লোগানকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাব্বী মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক তালুকদার ও প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
স্থানীয় প্রবীণ ব্যক্তিরা দিবসটির কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের কল্যাণে সরকারি হাসপাতাল, পরিবহনে সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
আলোচনা সভা শেষে বৃদ্ধা মাকে সেবাযত্নের স্বীকৃতিস্বরূপ আব্দুল্লাহ্ আল মামুনকে ‘মমতাময়’ এবং রোকেয়া চৌধুরী কেয়াকে ‘মমতাময়ী’ ক্রেস্ট দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, জ্যেষ্ঠ নাগরিকদেরকে আমাদের সম্মান করতে হবে। নবীনদের মধ্যে এই শিক্ষা জাগাতে হবে। সরকার জ্যেষ্ঠ নাগরিকদের জন্য নানা সুযোগ-সুবিধা দিচ্ছে।








