টাঙ্গাইলের একাধিক মামলার আসামি আতিকুর রহমান ওরফে কোয়ার্টার রনিকে (৩০) অস্ত্র মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,ডিবি) শ্যামল কুমার দত্ত রবিবার (৭ অক্টোবর) বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আতিকুর রহমান ওরফে কোয়ার্টার রনি টাঙ্গাইল শহরের দেওলা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
শ্যামল কুমার দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ অক্টোবর) ঢাকার নিউমার্কেট থানা পুলিশের সহযোগিতায় রনিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর একটি অস্ত্র মামলা হয়েছিল। সেই মামলার সূত্রে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ আরও পাঁচটি মামলা রয়েছে।’
তিনি আরও জানান, গ্রেফতারকৃত রনিকে রবিবার দুপুরে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে নিলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।








