পরপর দুইবার আদালতে জামিন পাওয়ার পরও মুক্তি মেলেনি ঠাকুরগাঁওয়ের ব্যারিস্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার ওরফে জব্বার মাস্টারের। সবশেষ বুধবার জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকেই তাকে আবার গ্রেফতার করা হয়েছে। প্রতিহিংসামূলকভাবে তাকে বারবার গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক নারী উত্যক্ত করার অভিযোগে স্কুলের পাঁচ ছাত্রের মাথা ন্যাড়া করে দিয়েছিলেন শিক্ষক আব্দুল জব্বার। ওই ছাত্রদের মধ্যে একজনের অভিভাবক বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করলে গত ৪ অক্টোবর পুলিশ তাকে গ্রেফতার করে। পরে উভয়পক্ষের আপোসসূত্রে ৫ অক্টোবর তাকে জামিন দেয় ঠাকুরাগঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। কিন্তু পরে রুহিয়া থানার একটি নাশকতার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে রাখা হয়।
ওই মামলায়ও বুধবার জামিন পান শিক্ষক আব্দুল জব্বার। তবে বৃহস্পতিবার মুক্তি পাওয়ার পর জেলগেইট থেকেই তাকে আবার গ্রেফতার করে ঠাকুরগাঁও সদর পুলিশ। এবার তার বিরুদ্ধে ঠাকুরগাঁও শহরের কলেজপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলা ও সদর উপজেলার বেগুনবাড়িতে নাশকতার আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ।
অরাজনৈতিক ঘটনায় গ্রেফতারের পর একের পর এক বিভিন্ন রাজনৈতিক মামলায় আসামি করায় হতাশা প্রকাশ করেছে শিক্ষক আব্দুল জব্বারের পরিবার। তাদের অভিযোগ কারও প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি। তার মেয়ে নিলুফার ইয়াসমিন বলেন, ‘আমার বাবাকে বারবার প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে যেতে হচ্ছে। এতে আমাদের পরিবার ছাড়াও বাবার শিক্ষাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বলেন, শিক্ষক আব্দুল জব্বারকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।







