ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সঙ্গে সড়ক যোগাযোগের সেতুবন্ধন হিসেবে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা সড়কের ওপর নির্মিতব্য ২৪০মিটার এবং ১৭৫মিটার দৈর্ঘ্য দুইটি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে বিজয়নগরের পত্তন এলাকায় সেতু দুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
সাংবাদিকদের উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘এই দুটি সেতু চালু হলে বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়ার অন্তত ৫ লাখেরও বেশি মানুষ যাতায়াতের সুবিধা পাবেন। পাশাপাশি জেলা সদরের সঙ্গে যোযাযোগের ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। জীবনযাত্রার মান উন্নয়ন হবে।’
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভুইয়াসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







