ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে মোংলা বন্দরের বহির্নোঙরের বাইরে ভাসছে একটি কয়লাবাহী বিদেশি জাহাজ। জাহাজটির গত বুধবার (২৪ অক্টোবর) মোংলা বন্দরে প্রবেশ করার কথা থাকলেও এখনও তা সম্ভব হয়নি। মারশিল পতাকাবাহী ‘এম ভি পারনোন’ নামের জাহাজটির বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান ‘কসমস শিপিং লাইন্স’র ব্যবস্থাপক সিরাজুল ইসলাম শুক্রবার (২৬ অক্টোবর) রাতে বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
সিরাজুল ইসলাম বলেন, এম ভি পারনোন জাহাজটি ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মালেয়শিয়ার একটি বন্দর থেকে গত ৩ অক্টোবর বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসে। সেখানে ২৮ হাজার ৫শ মেট্রিক টন কয়লা খালাসের পর বাকি কয়লা নিয়ে গত বুধবার মোংলা সমুদ্র বন্দরে আসার সময় ইঞ্জিন নষ্ট হয়। এখনও জাহাজটি বন্দরের বহির্নোঙরের বাইরে বঙ্গোপসাগরে ভাসছে। ইঞ্জিনটি সচল করতে জাহাজের নিজস্ব প্রকৌশলীরা কাজ করছেন। জাহাজটিতে ক্যাপ্টেনসহ ২২ জন বিদেশি নাবিক নিরাপদ ও ঝুঁকিমুক্ত রয়েছে বলেও জানিয়েছেন সিরাজুল।
জাহাজটির সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ী মেসার্স মায়া এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব হাসান বাংলা ট্রিবিউনকে জানান, বুধবারই ইঞ্জিন বিকলের খবর দিয়ে বন্দরের হার্ভার বিভাগে জানানো হয়। জাহাজটি শনিবার দুপুর নাগাদ ভাল হতে পারে।
মোংলা বন্দরের হারবার বিভাগের কর্মকর্তা জামাল হোসেন জানান, যেহেতু মোংলা বন্দরে জাহাজটি প্রবেশ করে নি। তাই এ ব্যাপারে আমাদের কাছে কোনও খবর নেই।







