চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয়রা। এর জের ধরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে ছাত্রলীগ। রবিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাতটায় ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে মারধরের শিকার দুই শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মারধরের শিকার দুই শিক্ষার্থীরা হলেন– রাজনীতিবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তানজিল হৃদয় এবং একই বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নাফি। তারা দুই জনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ‘সিক্সটি নাইন’-এর কর্মী।
মারধরকারীরা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও চট্টগ্রাম জেলা বাস মালিক সমিতির মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জুর অনুসারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলগেইট এলাকায় একটি দোকানে বসে নাস্তা করছিল হৃদয় ও নাফি। তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় স্থানীয় কয়েক জনের। এর এক পর্যায়ে দুই শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে এর জের ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এসময় প্রায় একঘণ্টা ফটক অবরোধ করে তারা বিক্ষোভ করে।
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা বাস মালিক সমিতির মহাসচিব ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। বিশ্ববিদ্যালয়ে মহিউদ্দিন চৌধুরী এবং নাছির ভাইয়ের কর্মীরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় কোনোভাবে আমার গ্রুপের কারও সম্পৃক্ততা নেই।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মনছুর আলম বলেন, স্থানীয় কয়েকজন সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষাথীকে মারধর করেছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। যদি দোষীদের গ্রেফতার করা না হয়, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’
এ ব্যাপারে চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারউজ্জামান বলেন, ‘স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমস্যা হওয়ায় এক ঘণ্টা প্রধান ফটক আটকে রাখে ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা।’








