ফেনীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বখাটকে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ভিকটিমের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ নভেম্বর) ভোরে সদর উপজেলা ধলিয়া গ্রাম থেকে হারুন অর রশিদ বান্টু নামের এক বখাটেকে আটকের পর পুলিশকে খবর দেন স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দীন হাজারী।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ। পুলিশ ও মেয়েটির স্বজনরা জানায়, নির্যাতনের শিকার হওয়া দশম শ্রেণির ওই ছাত্রী রবিবার স্কুল ছুটির পর বিকাল ৪টার দিকে বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে ধলিয়া গ্রামের হারুন অর রশিদ বান্টু, রাজু ও সোহেল নামের তিন বখাটে মেয়েটিকে জোর করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে ধর্ষণ করে। সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে বাড়ির পাশে ফেলে রেখে চলে যায় তারা।
এ ঘটনায় স্বজনরা রাতে স্থানীয় এমপি নিজাম উদ্দিন হাজারীর কাছে নালিশ দেন। এরপর তিনি হারুন অর রশিদ বান্টুকে পুলিশে ধরিয়ে দেন এবং অন্যদেরও ধরার জন্য পুলিশকে আহ্বান জানান।
স্বজনরা আরও জানায়, অপর দুই বখাটের মধ্যে রাজু একই এলাকার নুরুল আফছার ও সোহেল আবুল খায়েরের ছেলে। তারা স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী। এ ঘটনায় নির্যাতনের শিকারে স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহম্মেদ মুন্সি জানান, ঘটনাটি শোনার পর মেয়েটিকে উদ্ধারের জন্য স্থানীয় মেম্বারসহ বিভিন্ন স্থানে খোঁজ করেছেন।








