কুড়িগ্রাম জেলার চারটি নির্বাচনি আসনের মধ্যে শুধু কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর, চিলমারী) আসনে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেনকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়। মো. জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়ন পাওয়ার পর দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে জেলার একমাত্র মনোনয়নধারী এই নেতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমার নির্বাচনি এলাকার জনগণকে সঙ্গে নিয়ে নৌকাকে বিজয়ী করে আমি তার প্রতিদান দেবো। গোটা দেশের মতো এ আসনের মানুষও নৌকায় ভোট দেওয়ার জন্য, নৌকাকে বিজয়ী করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইনশাল্লাহ নৌকার বিজয় হবেই।’
উল্লেখ্য, কুড়িগ্রাম-৪ আসনে বর্তমান সংসদ সদস্য হিসেবে রয়েছেন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জেপি) মো. রুহুল আমিন। মো. জাকির হোসেন নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কুড়িগ্রাম -৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ৩০ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।







