চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গান পাউডার উদ্ধার করেছে ৫৩ বিজিবি। শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে ওয়াহেদপুর বিওপির একটি টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার কালুপুর মাঠ এলাকায় এই অভিযান চালায়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ‘দুপুরে কালুপুর মাঠ এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অজ্ঞাত এক কিশোর একটি ব্যাগ বহন করে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে থাকলে বিজিবির টহল দল ওই কিশোরকে চ্যালেঞ্জ করে। তখন হাতে থাকা ব্যাগ ফেলে সে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩ কেজি সাদা গান পাউডার, দেড় কেজি হলুদ ও দেড় কেজি কালো গান পাউডার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ বিশ হাজার টাকা।’
তিনি আরও জানান, উদ্ধার গান পাউডার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।







