মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে ৪৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ উঠলে উৎসুক মানুষের ভিড় জমে। শুক্রবার দুপুরে মাছটি বিক্রির জন্য এ বাজারে আনেন মৎস্য ব্যবসায়ী।
স্থানীয়ভাবে ‘বাঘ মাছ’ নামে পরিচিত বিশাল মাছটি বিক্রির জন্য ৪২ হাজার টাকা দাম হাঁকান মৎস্য ব্যবসায়ী রুকন। কিন্তু কাঙ্খিত দামে কেউ না কেনায় সন্ধ্যার পর মাছটি কেটে কেজি প্রতি একহাজার ২০০ টাকা করে বিক্রি করেন তিনি।
শুক্রবার (৩০ নভেম্বর) ভোরে সরকার বাজারের পাশের সাদীখাল নদীতে জেলেদের জালে ধরা পড়ে এ মাছ। পরে মাছটি বিক্রির জন্য স্থানীয় সরকার বাজারে নিয়ে আসা হয়। খবর পেয়ে অনেকে বাজারে এসে বিশাল আকারে মাছটি দেখার পাশাপাশি দরদাম করেন।
মৎস্য ব্যবসায়ী রুকন জানান, শুক্রবার ভোররাতে সাদীখাল নদীতে জালে ধরা পড়ে ৪৫ কেজি ওজনের এই মাছ। আমি এই মাছটি বিক্রির জন্য সরকার বাজারে নিয়ে আসি।








