মানিকগঞ্জে ‘বিচার বিভাগীয় সম্মেলন-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) জেলা জজ আদালত মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলী হোসাইন, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মানিকগঞ্জ বিচার বিভাগ এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে জেলায় চলতি বছর দেওয়ানি, ফৌজদারি, উপ-আনুষ্ঠানিকসহ ৮ হাজার ৯টি মামলা দায়ের, ১০ হাজার ৫শ’ ৪টি নিষ্পত্তি এবং ১৩ হাজার ৮শ’ ৬৮টি মামলার সাক্ষ্যগ্রহণ করা হয়েছে বলে উপস্থাপন করা হয়। এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় প্রদান করা হয়েছে বলে জানানো হয়। আদালতের হুকুমের পর তা তামিল ও তামিলে ধীরগতি, সাক্ষ্য প্রদানে অনীহা, আইনজীবী, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কিছুটা সমন্বয়ের অভাবকে চিহ্নিত করা হয়। এই প্রতিবন্ধকতা দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।
সম্মেলনে লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি পরামর্শ সহায়তা প্রদান ও বিকল্প বিরোধ নিষ্পত্তির সফলতার প্রশংসা করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান, সিভিল সার্জন মো. খুরশিদ আলম, পিপি আবদুস সালাম, জেলা বারের সভাপতি আবদুল মজিদ ফটো, জিপি মেহের উদ্দিন, জেলা বারের সাধারণ সম্পাদক মেজবাউল হক, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু। এছাড়াও সম্মেলনে পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, তদন্তকারী সংস্থা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








