টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে বিএনপির দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এক মাস কারাভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার হাইকোর্ট থেকে তিনি জামিন পেলেও বৃহস্পতিবার কারাগার থেকে ছাড়া পান।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পল্টন থানা পুলিশ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী জেল-হাজতে থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে তিনি বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন। এছাড়া বিকল্প প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হল শাখা ছাত্র সংসদের সাবেক জিএস সাঈদ সোহরাবকেও দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়।








