হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণ কমেছে

হিলি প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭

হিলি স্থলবন্দর

দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে অক্টোবর ও নভেম্বর মাসের রাজস্ব আহরণে ঘাটতি দেখা দিয়েছে। যার ফলে রাজস্ব আহরণের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এর আগে আগস্ট মাসেও বন্দরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বন্দর দিয়ে শুল্কযুক্ত পণ্যের আমদানি কমার কারণেই রাজস্ব আহরণে ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৬৯ কোটি ৩১লাখ টাকা। সেই হিসেব মোতাবেক অর্থবছরের প্রথম মাস জুলাই মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২৪ কোটি ৫ লাখ টাকার বিপরীতে মাস শেষে আহরণ হয় ২৫ কোটি ৩ লাখ টাকা। আগস্ট মাসে ১৭ কোটি ১০ লাখ টাকার বিপরীতে আহরণ হয় ১৫ কোটি ২১ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে ৯ কোটি ৩৮ লাখ টাকার বিপরীতে আহরণ হয় ১৯ কোটি ৭১ লাখ টাকা। অক্টোবর মাসে ১৬ কোটি ১৬ লাখ টাকার বিপরীতে আহরণ হয় ১০ কোটি টাকা। নভেম্বর মাসে ২৬ কোটি ৪৯ লাখ টাকার বিপরীতে আহরণ হয় ১৪ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার টাকা। এতে করে চলতি অর্থবছরের গত ৫ মাসের মধ্যে ৩ মাসেই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই ৫ মাসে সমষ্টিগতভাবে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ১১ কোটি ৪৬ লাখ টাকা আয় হয়েছে। এসময়ে বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৭৩ কোটি ১৮ লাখ টাকা, আহরণ হয়েছে ৮৪ কোটি ৬৪ লাখ টাকা।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি স্থলবন্দর। এই বন্দর দিয়ে চাল, পেঁয়াজসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনী পণ্য আমদানি হয়ে থাকে। এর মধ্যে অধিকাংশ পণ্যেরই তেমন কোনও শুল্ক নেই আবার কোনও কোনও পণ্যের শুল্কমুক্ত সুবিধা রয়েছে। তবে বন্দর দিয়ে পূর্বে শুটকি মাছ, সেলাই মেশিন পার্টস, মোটরসাইকেল, বাইসাইকেল পার্টসসহ বেশ কিছু শুল্কযুক্ত পণ্য আমদানি হতো। কিন্তু কাস্টমসের দ্বিমুখী আচরণের কারণে এবং অন্যান্য বন্দরে কম মূল্যে শুল্কায়ন করলেও একই পণ্য হিলি বন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে বাড়তি মূল্যে শুল্কায়ন করা হচ্ছে। ফলে লোকশানের কারণে আমদানিকারকরা এই বন্দর দিয়ে শুল্কযুক্ত পণ্যের আমদানি বন্ধ রেখেছেন। এছাড়াও ফল আমদানিতে গাড়ির চাকা অনুযায়ী শুল্ক আদায়ের স্ল্যাব নির্ধারণ থাকায় বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ রয়েছে। চালের ওপর শুল্ক ৩ ভাগ থেকে বাড়িয়ে ২৮ ভাগ করার কারণে বন্দর দিয়ে চাল আমদানি একেবারে বন্ধের পথে। এর ওপর চলতি মাসে ভারতে ফারাক্কা ব্রিজ সংস্কারের কাজ শুরু হওয়ার কারণে বন্দর দিয়ে পাথরসহ বেশ কিছু পণ্যের আমদানি একেবারে কমে গেছে। আগে বন্দর দিয়ে দুইশ’ থেকে আড়াইশ ট্রাক পণ্য আমদানি হলে বর্তমানে বন্দর দিয়ে একশ’ থেকে ১২০ ট্রাক পণ্য আমদানি হচ্ছে। একারণে বন্দর থেকে রাজস্ব আহরণ আগের তুলনায় কমেছে। তবে দেশের অনান্য বন্দরের মতো সকল বৈষম্য দূর করে হিলি স্থলবন্দরকে পরিচালনা করে হলে বন্দর দিয়ে পণ্য আমদানির ধারা যেমন বাড়বে, তেমনি রাজস্ব আহরণের পরিধি আরও বাড়বে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর দিয়ে আমদানি রফতানি হওয়া পণ্যগুলি থেকে শ্রমিকের পাওনাসহ বন্দরের যে মাশুল রয়েছে, শুধু সেগুলো নিয়ে থাকে বন্দর কর্তৃপক্ষ। কোনও পণ্যের ওপর কী পরিমাণ শুল্ক নির্ধারণ বা নেওয়া হবে, সেটি একমাত্র কাস্টমস কতৃপক্ষ নির্ধারণ করে থাকে।’

তবে বন্দর থেকে রাজস্ব আহরণ কমার কারণ হিসেবে তিনি বলেন, ‘বন্দর দিয়ে আগে শুঁটকি মাছ, নানাধরনের পার্টসসহ শুল্কযুক্ত পণ্য আমদানি হলেও বর্তমানে এসব পণ্য আমদানি না হওয়ার কারণে এবং পাথর আমদানি কমার কারনে রাজস্ব আহরণ কম হচ্ছে।’

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল হালিম বাংলা ট্রিবিউনকে জানান, হিলি স্থলবন্দর মূলত আমদানি-নির্ভর বন্দর হিসেবে পরিচিত। চলতি অর্থবছরের প্রথম দিকের তুলনায় বর্তমানে আমদানিকারকরা সেই পরিমাণে এলসি না খোলার কারণে বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য কমে যাওয়ায় রাজস্ব আহরণ কমেছে। বিশেষ করে বন্দর দিয়ে পূর্বে প্রচুর পরিমাণে চাল আমদানি হলেও দেশের বাজারে নতুন ধান ওঠার ফলে দেশিয় চালের সরবরাহ বেড়েছে, ফলে চালের চাহিদা কমায় এবং আমদানি শুল্ক বাড়ার ফলে বন্দর দিয়ে চাল আমদানি কমেছে। এছাড়াও বন্দর দিয়ে পাথরসহ অন্যান্য পণ্যের আমদানি কমে যাওয়ায় বিগত দুই মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি ডিসেম্বর মাসে দেশে জাতীয় নির্বাচন হওয়ার কারণে বন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে।’ এর ফলে চলতি মাসেও রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের