কুড়িগ্রামে পৃথক অভিযানে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ব্রাইটসহ বিএনপি ও ছাত্রদলের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ ডিসেম্বর) তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম সদর ও ভুরুঙ্গামারী থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান জানান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ব্রাইটের নামে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে, ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আপেল শিকদারসহ বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির এ তথ্য জানিয়েছেন।
গ্রেতার অন্যরা হলেন, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম,পাইকেরছড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন ও আন্ধারীঝাড় ইউনিয়ন বিএনপির সদস্য মোস্তফা সরকার।
ওসি ইমতিয়াজ কবির জানান, নিয়মিত মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।







