যশোরের শার্শায় মশিউর রহমান বাবলু (৫৪) নামে এক ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল আলমকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে শ্যামলাগাছি এলাকায় এসআই শাহাবুল আলম ব্যবসায়ীকে নির্যাতন করেন বলে অভিযোগ করেন ব্যবসায়ী বাবলু।
আহত ব্যবসায়ী মশিউর রহমান অভিযোগ করে বলেন, আমি আমার কর্মচারী দুলালকে নিয়ে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে শার্শা থেকে যশোরে ফিরছিলাম। পথে শ্যামলাগাছি এলাকায় পৌঁছালে এসআই শাহাবুলসহ কয়েকজন পুলিশ আমাদের দাঁড় করায়। পরে আমাদের শরীর তল্লাশি করে আমার পকেটে থাকা ২০ হাজার টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে এসআই শাহাবুল আমাকে বেধড়ক মারধর করেন।’
মারধরের কারণে মশিউর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে জানান তার ছেলে মামুন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সুপার মইনুল হক জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসআই শাহাবুলকে ক্লোজড করা হয়েছে।








