গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের ফুলছড়ি উপজেলার কাউয়াবাঁধা চরে থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের ৭ কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানান, বুধবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে ফুলছড়ির কাউয়াবাঁধা চর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাহুল মিয়া (১৬), নাজমুল (২২), সাইফুল ইসলাম (১৮), ছকু মিয়া (৫৬), আনারুল হক (৪৫), মজিবর রহমান (৬৫) ও নুরুল ইসলাম (৬৫)। তাদের সবার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে। এদের মধ্যে দুই জন বাসে পেট্রোল বোমা মেরে ৮ জনকে পুড়িয়ে মারার নাশকতা মামলার আসামি বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, ‘নির্বাচনে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা করার অভিযোগ আটকদের বিরুদ্ধে। রাতে চরাঞ্চলের ভোটারদের কাছে গিয়ে ফারুক আলমের জন্য ধানের শীষে ভোট চেয়ে টাকা বিতরণ করছিলেন জামায়াতের কর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম তাদের আটক করে।’







