পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাতেন বাহিনীর প্রধান ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেনকে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে টাঙ্গাইলের নাগরপুরের কোনড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে রাষ্ট্রীয় মর্যাদায় আব্দুল বাতেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে রবিবার (২০ জানুয়ারি) রাতে ঢাকার ন্যাম ভবনের নিজ কক্ষে ঘুমের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান খন্দকার আব্দুল বাতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আজ আব্দুল বাতেনের জানাজার নামাজে সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রাণপ্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান নাগরপুর-দেলদুয়ার উপজেলাসহ অন্য উপজেলার রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।
এদিন শেষবারের মতো তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান– টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূয়াপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামসহ অনেকে।
খন্দকার আব্দুল বাতেন ২০০৮ সালে স্বতন্ত্র ও ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয় আহসানুল ইসলাম টিটুকে।







