ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান, ‘আজ শনিবার (২৬ জানুয়ারি) ভারতের ৭০ তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় ভারতীয় রফতানিকারকরা আজ বন্দর দিয়ে কোনও প্রকার পণ্য রফতানি বা আমদানি করবেন না। এ কারণে আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরে পূর্বের আমদানি করা পণ্য পরীক্ষণ, শুল্কায়ন, ছাড়করণসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু রয়েছে। আগামীকাল রবিবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।’
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।








