কুষ্টিয়ার দৌলতপুরে বালুবাহী একটি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আল্লারদর্গা হল বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই মোটরসাইকেল আরোহীরা হলেন– কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহালবাড়িয়া ইউনিয়নের বাড়াদি এলাকার ইসমাইল হোসেনের ছেলে সাজিদুর রহমান (২০) ও ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার মশিউর রহমানের ছেলে মুনতাছির (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ (মঙ্গলবার) সন্ধ্যায় আল্লারদর্গা হল বাজারের সামনে কুষ্টিয়া-দৌলতপুর সড়কে দৌলতপুরগামী (কুষ্টিয়া-ট-১১-১৯২৩) একটি বালুভর্তি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা চালক ও অপর আরোহী নিহত হন।
সূত্র আরও জানায়, পরে স্থানীয়রা প্রায় ঘণ্টাখানেক কুষ্টিয়া-দৌলতপুর সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।








