দরিদ্র-দূষণ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘অফিসের বড় কর্তাদের দুর্নীতিমুক্ত থাকতে হবে। বড় স্যার ঘুষগ্রহণ থেকে বিরত থাকলে ছোট সাহেবরা তা নেবে না। কারণ, প্রাকৃতিক নিয়মে পানি সবসময় উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে উঠে না।’
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) কুমিল্লায় বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমিতে (বার্ড) আয়োজিত ‘প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা পৌঁছে দেওয়ার কর্মপন্থা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ‘দরিদ্র ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তা না হলে সমুদ্রের মধ্যে বালু দিয়ে ঘিরে নিজেকে নিরাপদ রাখতে পারবেন না। হয়তো একসময় দারিদ্র্য চলে যাবে। কিন্তু সেটা পরিকল্পিতভাবে গেলে তার সুফল উপভোগ করতে পারবো আমরা। এই দেশটাকে ঠিক রাখতে পারলে সবাই ভালো থাকতে পারবো। আর যদি না পারি, একা ভালো থাকার কোনও সার্থকতা নেই।’
তিনি আরও বলেন, ‘একসময় দেশে খাদ্য ঘাটতি ছিল। বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য উন্নয়নে আমাদের সম্ভাবনা কাজে লাগাতে হবে। দেশকে একটি সুন্দর দেশে রূপান্তর করতে হলে আমাদের সুন্দর মানুষ হতে হবে।’
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক ড. এম মিজানুর রহমান, যুগ্ম-পরিচালক আবদুল কাদের।








