২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুনামগঞ্জের ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র (পাওয়ার গ্রিড স্টেশন) এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত জেলা প্রশাসক ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও উপকারভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলে প্রধানমন্ত্রী এই কেন্দ্র উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মো. আবদুল আহাদ জানান, সুনামগঞ্জ শহরের ইকবালনগর এলাকায় পাওয়ার গ্রিড স্টেশনের কাজ শেষ হয় ২০১৮ সালের মার্চ মাসে। গত ৩ মে থেকে এই বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়। সুনামগঞ্জ শহর এবং দিরাই-শল্লার ৩০ হাজার গ্রাহক এর ফলে বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পান। সাবস্টেশন থেকে বিদ্যুৎ সঞ্চালন শুরু হওয়ার পর ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে পড়তে হয়নি গ্রাহকদের।
২০১৪ সালে দরপত্র প্রক্রিয়া শেষে একসঙ্গে দেশের ১০টি স্থানে ৯৮৬ কোটি টাকা ব্যয়ে পাওয়ার গ্রিড স্টেশনের কাজ শুরু হয়। নতুন পাওয়ার গ্রিড স্টেশনে ছাতক থেকে ১০৮টি টাওয়ারের মাধ্যমে বিদ্যুৎ এসেছে। এই লাইনে ১ লাখ ৩২ হাজার কিলোভোল্ট বিদ্যুৎ সঞ্চালন হচ্ছে। তাতে সিস্টেম লস কমেছে। লোড শেডিং কমেছে। গ্রাহকদের বিদ্যুৎ দেওয়ার ক্ষমতা বেড়েছে।







