নাব্য সংকটের কারণে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে রাজবাড়ী জেলার সঙ্গে পার্শ্ববর্তী পাবনা জেলার সংযোগ স্থাপনকারী জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট। বৃহস্পতিবার দুপুর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এই ঘাটের ইজারা প্রতিনিধি মো. সোহেল রানা বলেন, ‘নদী পথে রাজবাড়ীর সঙ্গে পাবনার যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট। এ রুটে প্রতিদিন অনেক যানবাহন ও যাত্রী নদী পারাপার হয়। দীর্ঘদিন পর ফেরি চলাচল আবার শুরু হওয়ায় এ রুটের চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকেরা স্বস্তি প্রকাশ করেছেন।’ নাব্য সংকটের কারণে ১৮ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে ২০ দিন এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন জানান, ‘ধাওয়াপাড়া জৌকুড়া ফেরি ঘাটটি রাজবাড়ী জেলাকে পার্শ্ববর্তী পাবনা জেলার সঙ্গে সম্পৃক্ত করেছে। এই ঘাটটি সড়ক ও জনপথ অধিদফতরের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। নাব্য ফিরিয়ে ও ঘাট স্থানান্তরিত করে বৃহস্পতিবার থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।’







