অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামে গাছ কাটা নিয়ে বিরোধে শেখ আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সোনাতলা গ্রামের মৃত রাঙ্গা মিয়ার ছেলে। সালামের বড় ভাই শেখ হারুন ও হামলাকারী হাদিউজ্জামানকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আসাদ নামে আরেকজন হামলাকারী পলাতক রয়েছে।
অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন জানান, শনিবার দুপুরে আব্দুস সালামের সঙ্গে প্রতিবেশী আসাদ ও হাদিউজ্জামানের গাছ কাটা নিয়ে বিবাদের সৃষ্টি হয়। একপর্যায়ে আসাদ ও হাদিউজ্জামান শ্রমিকদের হাতে থাকা দা ও হাসুয়া নিয়ে সালামকে কোপাতে শুরু করে। তাকে রক্ষা করতে এলে সালামের বড় ভাই শেখ হারুনকেও কুপিয়ে জখম করা হয়। পরে গ্রামবাসী হাদিউজ্জামানকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় আসাদ পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত আব্দুস সালামসহ তিনজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা সালামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ওসি আলমগীর হোসেন বলেন, ‘নিহত আব্দুস সালামের বিরুদ্ধে তিনটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।’








