মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন মজুমদারকে হত্যার ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা। বুধবার (২৭ মার্চ) সকালে ওই মিছিল বের করা হয়। পুরান শহর এলাকা থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিক্ষোভকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন— জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবির ও লিমনের পরিবারের সদস্যরা। পরে পরিবার ও ছাত্রলীগের পক্ষ থকে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
উল্লেখ্য, মাদারীপুর সদরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা বাবুল মজুমদারের ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন রবিবার (২৪ মার্চ) রাতে মোবাইলে কল পেয়ে বাসা থেকে বের হন। সোমবার (২৫ মার্চ) সকালে শহরের আমিরাবাদ এলাকার নির্মাণাধীন দোতলা ভবনে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ওই বাড়ির লোকজন। নিহত লিমনের পরিবারের অভিযোগ, লিমনকে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।








