ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা এ মামলার নম্বর ৫১। শৈলকুপা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ডাকুয়া’ পত্রিকার সম্পাদক শামিম বিন সাত্তার বাদী হয়ে রবিবার (৩১ মার্চ) মামলাটি দায়ের করেন।
শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) এবং এ মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বাদী শামিম বিন সাত্তার বাংলা ট্রিবিউনকে জানান, গতবছর শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনের দুর্নীতির খবর বিভিন্ন পত্রিকায় ও টিভি চ্যানেলে প্রচারের পর তিনি সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হয়ে স্কুলের নামে পরিচালিত ‘শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ঝিনাইদহ’ ফেসবুক আইডিতে একটি মানহানিকর পোস্ট দেন। এতে তিনি ঝিনাইদহের সাংবাদিক আসিফ ইকবাল কাজল, বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের ঝিনাইদহ প্রতিনিধি আবদুর রহমান মিল্টন এবং সপ্তাহিক ডাকুয়া পত্রিকার সম্পাদক শামিম বিন সাত্তারের ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ নানা মন্তব্য করেন।
এ ঘটনায় আসিফ ইকবাল কাজল ফেসবুকের স্ক্রিনশর্ট নিয়ে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেন। জিডি করার পর ফেসবুক থেকে আপত্তিকর পোস্টটি সরিয়ে নেন দিলারা ইয়াসমিন। জিডির তদন্ত করতে গিয়ে প্রাথমিকভাবে সত্যতা পান শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদী। তদন্ত রিপোর্ট জমা হওয়ার পর তা পুলিশ সদর দফতর থেকে ঝিনাইদহ পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। গত ২০ মার্চ পুলিশ সুপার হাসানুজ্জামানের প্রেরিত পরামর্শমূলক চিঠির আলোকে সাংবাদিক শামিম বিন সাত্তার বাদী হয়ে রবিবার শৈলকুপা থানায় ডিজিটাল আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করেন।
জানা গেছে, মামলা রেকর্ড হওয়ার পর দিলারা ইয়াসমিন গা-ঢাকা দিয়েছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, ২০১৮ সালে প্রণীত ডিজিটাল আইন মামলাটি রেকর্ড হয়েছে। আমরা আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।







