রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের রাজবাড়ীর শ্রীপুর থেকে নতুন বাজার পর্যন্ত রাস্তার কাজ দ্রুত সম্পন্ন এবং কাজ চলার সময়ে পরিবেশ সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই সড়কে শহরের বড়পুল এলাকায় এ মানববন্ধন হয়। এ সময় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে রাস্তার সংস্কারকাজ দ্রুত শেষ করার জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মহাসিন উদ্দিন বতু, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আহম্মদ নিজাম মন্টু, প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, কলেজ শিক্ষক আবু মুসা বিশ্বাস, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, সাবেক ছাত্রনেতা কাজী আবদুর রউফ মোহন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রকিবুল ইসলাম পিন্টু, গণেশ মিত্র প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের রাজবাড়ীর জেলা পরিষদের সামনে থেকে আহম্মেদ মৃধা কলেজ পর্যন্ত চার কিলোমিটার ফোর লেনের কাজটি বছর ধরে ধীরগতিতে চলছে। এতে ধুলাবালিতে এই এলাকার ৮-১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারও শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা, পথচারীরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এই পথে প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক ছোট-বড় যানবাহন চলাচল করে। এতে এই সড়ক ও আশেপাশের এলাকায় প্রতিনিয়ত ধূলিঝড়ের সৃষ্টি হচ্ছে। আমরা দ্রুত এই সমস্যা থেকে মুক্তি চাই।’








