নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে দুইটি কোল্ড স্টোরেজে (হিমাগার) অভিযান চালিয়ে প্রায় ৪১০ টন খাবার অনুপযোগী পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ এপ্রিল) দুপুর থেকে র্যাবের নিবার্হী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র্যাব-১১ সদস্যরা ধর্মগঞ্জের শাহিন অ্যান্ড ব্রাদার্স কোল্ড স্টোরেজ ও আদর্শ কোল্ড স্টোরেজে এই অভিযান পরিচালনা করা হয়। পচা, মেয়াদোত্তীর্ণ খেজুর নতুন প্যাকেটে ভরে বাজারজাত করার সুযোগ দেওয়ার অভিযোগে শাহিন কোল্ড স্টোরেজের মালিককে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব ১১ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, র্যাব ১১ গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানতে পারে নারায়ণগঞ্জের ধর্মগঞ্জে শাহিন অ্যান্ড ব্রাদার্স কোল্ড স্টোরেজ ও আদর্শ কোল্ড স্টোরেজে রাজধানী ঢাকার বাদামতলী ও শ্যামবাজারের কয়েকজন অসাধু ব্যবসায়ী বিপুল পরিমাণ খাবার অনুপযোগী, পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর বাজারজাত করার জন্য হিমাগারে রেখেছে। এসব খেজুর মধ্যে বেশ কয়েকটন খেজুর প্রায় ৪ থেকে ৫ বছর আগে বিদেশ থেকে আমদানি করা। এসব খেজুরের ভেতরে পোকা ও ছত্রাক পড়ে গেছে। খেজুরগুলো মেডিসিনের মাধ্যমে স্প্রে করে চকচকে চেহারা দিয়ে নতুন প্যাকেটে ভরে বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিলেন অসাধু ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে এসব খেজুর হিমাগার বের করে বিভিন্ন জেলায় পাঠানোর জন্য ট্রাকে লোড করার সময় র্যাব-১১ সদস্যরা অভিযান চালায়। সকাল থেকে র্যাব সদস্যরা দুটি কোল্ড স্টোরেজ ঘিরে রাখে। পরে র্যাব এর নিবার্হী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র্যাব-১১ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথমে শাহিন অ্যান্ড ব্রাদার্স কোল্ড স্টোরেজে বিভিন্ন স্তরে সাজিয়ে রাখা খেজুর জব্দ করে।
শাহিন কোল্ড স্টোরেজ থেকে ৫০ হাজার বস্তা, ৫০ হাজার কার্টন খেজুর ও ৪ হাজার নতুন বস্তা জব্দ করা হয়। এছাড়া আদর্শ কোল্ড স্টোরেজ থেকে প্রায় ৮০ হাজার বস্তা খেজুর জব্দ করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ‘আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে এই দুটি হিমাগারে খেজুরগুলো মজুদ করে রাখা হয়েছিল যা কমপক্ষে চার থেকে পাঁচ বছর আগের আমদানিকৃত। খেজুরগুলো একেবারেই নষ্ট হয়ে যাওয়ায় হিমাগারে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এই খেজুর একেবারেই খাওয়ার অনুপযোগী এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। একইসঙ্গে নষ্ট খেজুরগুলোতে এক ধরনের সিরাপ স্প্রে করে চকচকে করে নতুন বস্তায় ভরে রাখা হয়েছে। রাজধানীর বাদামতলী, যশোর ও খুলনাসহ সারা দেশে এই খেজুরগুলো বাজারজাত করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। যে সব ব্যবসায়ী এসব খেজুর ও মাল্টা, আপেল হিমাগারে রেখেছে তাদের বিরুদ্ধে খাদ্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।’
তিনি বলেন, ‘শাহিন অ্যান্ড ব্রাদাস কোল্ড স্টোরেজে ভেতরে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর নতুন প্যাকেটে ভরে নতুন মেয়াদোত্তীর্ণের সিল ব্যবহার করার সুযোগ দেওয়ার অভিযোগে এর মালিককে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।’
র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, ‘র্যাবের গোয়েন্দা তৎপরতার কারণে হিমাগার থেকে এসব পচা, নষ্ট, মেয়াদোত্তীর্ণ খেজুর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার আগেই জব্দ করা হয়েছে। আসন্ন রমজানে দেশের যেখানেই এসব ভেজাল ও নষ্ট খেজুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী সরবরাহ বা বাজারজাত করা হবে সেখানেই মোবাইল কোর্টের মাধ্যমে তা জব্দ করা হবে। বিশেষ করে র্যাব-১১ এর আওতাধীন সাতটি জেলায় আমারা কঠোর নজরদারি চালাচ্ছি।’







