ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটিবাজার থেকে গ্রেফতার চার ভারতীয় নাগরিকসহ ছয় আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার (১১ মে) বিদেশি অস্ত্র, গুলি, ওয়াকিটকি ও পেট্রোলসহ তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, অস্ত্রসহ গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা প্রাথমিকভাবে পুলিশের কাছে মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্যে আদালতের কাছে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
শনিবার দুপুরে কসবা উপজেলার কুটিবাজারের মা প্লাজার আলিফ হোটেলের ওপরের তিনতলার একটি কক্ষ থেকে চার ভারতীয় নাগরিকসহ ছয়জনকে গ্রেফতার করে কসবা থানা পুলিশ। তারা হলো– ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালঘরের নেতাজি নগরের শ্যামল দেবনাথের ছেলে স্বর্ণজিৎ দেবনাথ, উত্তর ত্রিপুরার ধর্মনগরের রতিরঞ্জন চৌধুরীর ছেলে নির্মলেন্দু চৌধুরী, বাদারঘাটের সুনীল সরকারের ছেলে শংকর সরকার ও আমতলীর রাজনগরের অবনী দাসের ছেলে বিমল দাস। বাংলাদেশি দুজন হলো– কসবা উপজেলার মান্দারপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে হাসিবুল হাসান অনীক এবং আখাউড়া উপজেলার বনগজ গ্রামের আহম্মদ হোসেনের ছেলে আমজাদ হোসেন শাওন। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, দুটি ওয়াকিটকি, পাঁচ লিটার পেট্রোলসহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।







