মাদারীপুরের কালকিনির ভূরঘাটা এলাকার গ্রামীণ জুয়েলার্স নামের একটি স্বর্ণালঙ্কার দোকানের মালিক বরুন পাল গ্রাহকদের কয়েক কোটি টাকা ও বন্ধকি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানার পর কয়েশ’ গ্রাহক রবিবার ওই দোকানের সামনে গিয়ে বিক্ষোভ করে। লাখ লাখ টাকার স্বর্ণ হারিয়ে লেনদেনকারী নারী গ্রাহকসহ অনেকেই কান্নায় ভেঙে পড়েন। গ্রাহকদের দাবি, তাদের সবার আমানত মিলিয়ে ৬ থেকে ১০ কোটি টাকার সম্পদ নিয়ে পালিয়েছেন দোকান মালিক বরুন পাল।
উত্তেজিত জনগণ দোকান ভেঙে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে কালকিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্ধ শতাধিক পুলিশ সদস্য নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উত্তেজিত জনগণ ভূরঘাটা বাজারের সব স্বর্ণের দোকানে তালা মেরে দিয়েছে।
কালকিনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর মাদারীপুর জেলা শাখার ৯৮ নম্বর সদস্য এই বরুণ পালের বাড়ি কালকিনীর সীমান্ত সংলগ্ন গৌরনদীর খাঞ্জাপুর এলাকায়। কালকিনী ও গৌরনদী দুই থানার পুলিশের সমন্বয়ে খাঞ্জাপুরে বরুণ পালের বাড়িতে পুলিশ অভিযান চালায়। সেখানে গিয়ে বাড়িতে পুলিশ তার স্ত্রী ও সন্তানকে পায়। স্বর্ণ ব্যবসায়ী বরুন পাল তার স্ত্রী ও সন্তানকে রেখেই পালিয়েছেন। এদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বরুণ পালের মোবাইল নম্বর ট্র্যাকিং করে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।







