ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩১ মে) ভোরে টাঙ্গাইলের সড়কে এই দৃশ্য দেখা গেছে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের দুদিকেই এই জট হয়েছে বলে জানা গেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘মধ্যরাত থেকে সড়কে গাড়ির বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। এই কারণে সড়কের দুদিকেই গাড়ি কিছুটা ধীরগতিতে চলাচল করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।’
আরও জানা যায়, ইতোমধ্যে ঈদের ছুটির আমেজ শুরু হয়ে গেছে। আজ শুক্র ও আগামীকাল শনিবার সরকারি ছুটি। বরিবার শবে কদরের বন্ধ। মাঝখানে সোমবার(৩ জুন) বাদ দিলে ৪, ৫ ও ৬ জুন ঈদের ছুটি। ৭ জুন শুক্রবার ও ৮ জুন শনিবার সরকারি ছুটির দিন। দেখা যাচ্ছে, শুধু ৩ জুন ছুটি ম্যানেজ করতে পারলেই লম্বা অবকাশ। একারণে অফিস শেষ করে অনেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন। ফলে উত্তরের পথে গাড়ির চাপ কিছুটা বেড়েছে।







