বগুড়ার ধুনটের শৈলমারী মধ্যপাড়া গ্রামে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ জুন ) দুপুরে এ ঘটনায় অভিযুক্ত খাইরুল প্রামাণিককে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির বাবা তার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে খায়রুলের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, খাইরুল প্রামাণিক ধুনটের এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী মধ্যপাড়া গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রতিবেশী ওই শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তাকে চকোলেট দেওয়ার কথা বলে খাইরুল তার বাড়িতে নিয়ে যায়। এরপর সে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে খাইরুল তাকে বাড়িতে পাঠিয়ে দেয়।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীদের জানান। তখন গ্রামের লোকজন বখাটে খাইরুলকে আটক করে পুলিশে দেয়। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিশুটির বাবা মামলা দায়েরের পর আসামি খাইরুলকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।







