ময়মনসিংহের সেহড়া এলাকায় সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শরাফ উদ্দিনের মিষ্টি কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার মামলায় প্রধান অভিযুক্ত মনিরুজ্জামান মনিকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ জুলাই) কোতোয়ালি মডেল থানায় শরাফ উদ্দিন বাদী হয়ে চার জনের নামে ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
অপর অভিযুক্তরা হলো, হারুন অর রশিদ লিটন (৪৮), সিফাত ওরফে আদর (২০) ও রাজু বেগম (৪৫)। কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, মামলার পর ঘটনাস্থল থেকে আটক হামলাকারী মনিরুজ্জামান মনিকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, সেহড়া এলাকার মনিরুজ্জামান মনি ও তার মামাতো ভাই স্বপনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই জমি স্বপন বায়না রেজিস্ট্রিমূলে স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শরাফ উদ্দিনের কাছে বিক্রি করেন। ওই জমিতে শরাফ উদ্দিন মিষ্টি কারখানা গড়ে তোলেন। জমিটি নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা চলছিল। শনিবার (৬ জুলাই) বিকেলে মনিরুজ্জামান তার লোকজন নিয়ে ওই মিষ্টি কারখানায় হামলা চালায়।








