শেরপুরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাসে আনুশকা আয়াত বন্ধন (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধারের পর হত্যার অভিযোগ তুলে শ্রীবরদীতে মানববন্ধন করেছে ছাত্রছাত্রীরা। রবিবার (৭ জুলাই) দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি দেয় তারা।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বন্ধন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন– উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হামিদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবদুল্লাহ ছালেহ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জেনারেল প্রমুখ।
উল্লেখ্য, শনিবার (৬ জুলাই) দুপুরে জেলা হাসপাতাল থেকে পুলিশ আনুশকা আয়াত বন্ধনের লাশ উদ্ধার করে। শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা গ্রামের ওমান প্রবাসী আনোয়ার জাহিদ বাবুল মৃধার মেয়ে সে। শেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকার ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাসে থেকে বন্ধন ওই স্কুলে পড়াশোনা করতো। শনিবার সকালে তাকে নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে এক ছাত্রী চিৎকার দিলে স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ।
পরিবারের দাবি, বন্ধনকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ ঝুলিয়ে রাখা হয়। তার বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের পরিচালক আবু ত্বাহা সাদি ও তার স্ত্রী নাজনীন মোস্তারি নূপুর এবং বড়ভাই শিবলীকে গ্রেফতার করেছে পুলিশ।








