যশোরের বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা নামক এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ১৬৯ গ্রাম সোনার বারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। পাচারকারীর নাম নাজমুল হোসেন (২৫)। সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
মঙ্গলবার (৯ জুলাই) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা মারফত জানতে পারি একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার চালান বেনাপোল বাজার থেকে নিয়ে পুটখালী গ্রামের দিকে যাবে। এধরনের সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আব্দুল মালেক ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে নাজমুল নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করে বেনাপোল বিজিবি কোম্পানি সদরে নিয়ে তার শরীর তল্লাশি করে এক কেজি ১৬৯ গ্রাম ওজনের তিনটি সোনার বার উদ্ধার করে, যার সিজার মূল্য প্রায় ৫৩ লাখ টাকা।
আটক নাজমুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।








