সিলেটের দক্ষিণ সুরমায় সহপাঠীর হামলায় তানভির হোসেন তুহিন (১৯) নামে এক শিক্ষার্থী খুন হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়ে। বুধবার (২৪ জুলাই) রাতে নিহতের চাচা নাজিম উদ্দিন বাদী হয়ে মহানগর পুলিশের মোগলাবাজার থানায় এই মামলা দায়ের করেন।
মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তুহিন খুনের ঘটনায় ১০ জনকে আসামি করে বুধবার রাতে নিহতের চাচা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে কামরান নামে এক ব্যক্তিকে। এই ঘটনায় তাহের নামের একজনকে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, `কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তুহিন কম্পিউটার বিষয়ের শিক্ষার্থী। কয়েকদিন আগে তার জুতা হারিয়ে যায়। এনিয়ে ওই প্রতিষ্ঠানের আরেক শিক্ষার্থী কামরানের সঙ্গে তার তর্কাতর্কি হয়। এই ঘটনার জের ধরে বুধবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১১টায় দক্ষিণ সুরমার আলমপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তুহিনের ওপর সে হামলা চালায়। গুরুতর আহতবস্থায় তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন দুপুর দেড়টায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হন পরিবারের সদস্যরা। ঢাকা নিয়ে যাওয়ার পথে সন্ধ্যায় তুহিন মারা যান।’
নিহত তানভির হোসেন তুহিন গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কোনাচর দক্ষিণভাগ পলিকাপন গ্রামের মানিক মিয়ার পুত্র।








